সবজির বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-মুরগি-ডিমের দাম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে কিছু সবজির দাম সামান্য কমলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মধ্যে। এখনো অনেক সবজিই সাধারণ মানুষের নাগালের বাইরে। এর সঙ্গে চড়া রয়েছে মাছ, মুরগি ও ডিমের দামও। বিশেষ করে কাঁচা মরিচের দাম বেড়ে কোথাও কোথাও কেজিপ্রতি ৩২০ টাকা পর্যন্ত উঠেছে।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কারওয়ান বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি ২০০ টাকায়। তবে আগারগাঁও, শেওড়াপাড়া কয়েকটি বাজারে একই মরিচের দাম চাওয়া হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা পর্যন্ত। কোনো কোনো বাজারে দাম আরও বেশি।
ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা মরিচের মূল দাম তুলনামূলক কম হলেও শুল্ক, পণ্য খালাস, পরিবহনসহ বিভিন্ন খরচ যোগ হয়ে আমদানি ব্যয় বেড়ে যায়। এসব খরচের প্রভাব পড়ে খুচরা বাজারের দামে।
এদিকে পটল, ঢেঁড়স ও কচুর দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে বর্তমানে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকা, শিম ২২০ টাকা এবং গাজর ও টমেটো ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের দাবি, দেশের শস্য উৎপাদনকারী এলাকাগুলোতে এখনো বৃষ্টি ও জলাবদ্ধতা থাকায় সবজির সরবরাহে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে রাজধানীর বাজারেও।
বর্তমানে প্রতি পিস লাউ ৬০ থেকে ৮০ টাকা, মুলা কেজি ৮০ টাকা, জালি ৬০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, গাজর ১০০ টাকা, কচু ৮০ টাকা, করলা ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
আমিষের বাজারেও নেই স্বস্তি
মধ্যবিত্ত পরিবারের আমিষের চাহিদা পূরণের অন্যতম ভরসা ডিম। কিন্তু সেই ডিমের দামও বেড়েছে। বর্তমানে লাল ডিমের এক ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এক সপ্তাহ আগে একই ডজন ডিমের দাম ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা।
হাঁসের ডিমের দামও বেড়েছে। এক ডজন হাঁসের ডিম কিনতে এখন গুনতে হচ্ছে প্রায় ১৮০ টাকা। বিক্রেতারা বলছেন, সরবরাহে ঘাটতির কারণে ডিমের দাম বেড়েছে।
মুরগির বাজারেও একই পরিস্থিতি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ২০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ১৮০ টাকা।
সোনালি মুরগির দামও বেড়েছে। কয়েক সপ্তাহ আগে কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৩৪০ টাকায় উঠেছে। আর দেশি মুরগি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে কেজিপ্রতি প্রায় ৭৫০ টাকা।
চড়া মাছের বাজারও
মাছের বাজারেও দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চাষের রুই ও কাতলা কিনতে কেজিপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে।
দেশি নদ-নদীর মাছের দাম আরও বেশি। এসব মাছের অনেকগুলোর দাম কেজিপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে, প্রায় এক কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত।
সব মিলিয়ে কিছু সবজির দাম সামান্য কমলেও মাছ, মুরগি, ডিম ও বেশ কিছু সবজির চড়া দামে চাপে রয়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে কবে নাগাদ স্বস্তি ফিরবে, সেটিই এখন তাদের বড় প্রশ্ন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
