হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনায় এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য হোয়াইট হাউস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সংক্ষিপ্ত সময়ের জন্য লকডাউন জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে হোয়াইট হাউসের নিরাপত্তা চেকপয়েন্টের কাছে এক ব্যক্তি আচমকা আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে পাল্টা ব্যবস্থা নেয় নিরাপত্তা বাহিনী। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়।
ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তিনি বন্দুকধারীর গুলিতে নাকি নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানের সময় আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। এ ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার সময় প্রেসিডেন্ট হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন এবং তিনি সম্পূর্ণ নিরাপদ ছিলেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
হোয়াইট হাউসের বাইরে থাকা সাংবাদিকরাও ঘটনার সময় একের পর এক গুলির শব্দ শুনতে পান। একটি ভিডিওতে দেখা যায়, সরাসরি সম্প্রচারের সময় হঠাৎ গুলির শব্দ শুরু হলে একজন সাংবাদিক দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে নিরাপত্তাজনিত কারণে সাংবাদিকদের প্রেস ব্রিফিং রুমে সরিয়ে নেওয়া হয়।
এদিকে তদন্তে সহায়তার জন্য ঘটনাস্থলে এফবিআই সদস্যরাও পৌঁছেছেন। স্থানীয় কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তুলে নেওয়া হয় লকডাউন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের আশপাশে নিরাপত্তা নিয়ে একাধিক উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। ফলে নতুন এই গোলাগুলির ঘটনাকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ।
সিদ্দিকা/
