পৃথিবীর আকাশে এখন ‘দুই চাঁদ’, যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর আকাশে এখন একটি নয়, যেন দুটি চাঁদ! তবে দ্বিতীয়টি আমাদের পরিচিত চাঁদের মতো স্থায়ী নয়। প্রায় দুই মিটার ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। জ্যোতির্বিজ্ঞানীরা এমন বস্তুকে বলেন ‘মিনি মুন’ বা ক্ষুদ্র চাঁদ।
নতুন এই মহাজাগতিক অতিথির নাম ২০২৬ কিউকিউ৮ (2026 QQ8)। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এটি ২০২৬ সালের এপ্রিল থেকে পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবে রয়েছে। ডিসেম্বরের শুরুতে পৃথিবীর এই আকর্ষণ থেকে বেরিয়ে আবার সূর্যকে কেন্দ্র করে নিজের কক্ষপথে চলতে শুরু করার কথা।
কত বড় এই দ্বিতীয় চাঁদ?
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ২০২৬ কিউকিউ৮-এর ব্যাস প্রায় দুই মিটার বা ছয় ফুট। আকারে ছোট হওয়ায় এটি অত্যন্ত অনুজ্জ্বল। ফলে বস্তুটি প্রাকৃতিক গ্রহাণু, নাকি কোনো পুরোনো কৃত্রিম উপগ্রহের অংশ, তা নিশ্চিত হতে বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ পর্যবেক্ষণ করতে হয়েছে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার গত ২৯ অক্টোবর বস্তুটিকে ২০২৬ কিউকিউ৮ নামে তালিকাভুক্ত করে। সংস্থাটি গ্রহাণু, ধূমকেতু ও সৌরজগতের অন্যান্য ক্ষুদ্র বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করে। তবে ‘মিনি মুন’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক শ্রেণি নয়। পৃথিবীর মহাকর্ষে সাময়িকভাবে আটকে থাকা প্রাকৃতিক মহাজাগতিক বস্তুকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়।
কীভাবে শনাক্ত হলো ক্ষুদ্র চাঁদ?
হাঙ্গেরির জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেস্কি ২০২৬ সালের আগস্টে বস্তুটি শনাক্ত করেন। প্রথমে এটি সাধারণ গ্রহাণু বলেই মনে হয়েছিল। কিন্তু এর কক্ষপথের বিস্তারিত হিসাব-নিকাশ করার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন, বস্তুটি সাময়িকভাবে পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবে আটকা পড়েছে।
প্রাথমিক পর্যায়ে এটি প্রাকৃতিক গ্রহাণু, নাকি মানুষের তৈরি কোনো মহাকাশযানের পরিত্যক্ত অংশ, তা নিয়ে সন্দেহ ছিল। পরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াইয়ের মাউনা কেয়ার ২ দশমিক ২ মিটার টেলিস্কোপে পর্যবেক্ষণের মাধ্যমে এর গতিপথ বিশ্লেষণ করা হয়। পর্যবেক্ষণ ও হিসাবের ভিত্তিতে বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তু।
পৃথিবীর জন্য কি কোনো বিপদ আছে?
বিজ্ঞানীদের আশ্বাস, ২০২৬ কিউকিউ৮ পৃথিবীর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে না। এর পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কাও নেই। এমনকি কোনোভাবে বস্তুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও মাত্র দুই মিটার আকারের হওয়ায় বায়ুমণ্ডলের ঘর্ষণে এটি ভেঙে যাওয়ার কথা।
সে ক্ষেত্রে আকাশে উজ্জ্বল উল্কার মতো দৃশ্য দেখা যেতে পারে। তবে এতে পৃথিবীর বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
পৃথিবীতে কি আগেও ছিল এমন ক্ষুদ্র চাঁদ?
পৃথিবীর চারপাশে সাময়িকভাবে ঘুরতে থাকা ক্ষুদ্র মহাজাগতিক বস্তু নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২০০৬ আরএইচ১২০ নামের একটি বস্তু প্রায় এক বছর এবং ২০২০ সিডি৩ নামের আরেকটি বস্তু প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে ছিল।
মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইনের মতে, পৃথিবীর আশপাশে এ ধরনের বস্তু থাকা অস্বাভাবিক নয়। কখনো কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাস এগুলো পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবে অবস্থান করে। কোনো কোনো সময়ে একাধিক ক্ষুদ্র বস্তুও পৃথিবীর কাছে থাকতে পারে।
ভবিষ্যতে আরও মিনি মুনের সন্ধান মিলবে?
জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, উন্নত টেলিস্কোপ ও পর্যবেক্ষণ প্রযুক্তির কারণে ভবিষ্যতে পৃথিবীর কাছাকাছি থাকা আরও অনেক ক্ষুদ্র গ্রহাণু শনাক্ত করা সম্ভব হবে।
চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরির দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে গ্রহাণু, ধূমকেতু ও দূরবর্তী মহাজাগতিক বস্তুর সন্ধান চলছে। এই পর্যবেক্ষণ থেকে সৌরজগতের নতুন অনেক ক্ষুদ্র বস্তুর সন্ধান পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।
অর্থাৎ, পৃথিবীর দ্বিতীয় চাঁদটি স্থায়ীভাবে থেকে যাচ্ছে না। ডিসেম্বরের শুরুতে এটি পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব ছাড়িয়ে যাওয়ার কথা। তবে এমন ক্ষুদ্র মহাজাগতিক অতিথির উপস্থিতি পৃথিবী ও সৌরজগত সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ তৈরি করছে।
সিদ্দিকা/
