১১ বছর পর নতুন পে-স্কেল, তিন ধাপে মিলবে বাড়তি বেতন-ভাতা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকেই নতুন পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এ জন্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় জাতীয় বেতন কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ একবারে কার্যকর করা হচ্ছে না। বরং ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেলের প্রথম ধাপ কার্যকর হতে পারে।
কীভাবে বাস্তবায়ন হবে নবম পে-স্কেল?
সরকারি পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
প্রথম ধাপে, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা নতুন মূল বেতনের (বেসিক) ৫০ শতাংশ সুবিধা পাবেন।
দ্বিতীয় ধাপে, ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ মূল বেতন কার্যকর করা হবে।
আর তৃতীয় ধাপে, ২০২৮-২৯ অর্থবছরে সব ধরনের ভাতা ও অতিরিক্ত সুবিধা পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ধাপে ধাপে বাস্তবায়ন করলে সরকারের ওপর এককালীন বড় আর্থিক চাপ কমবে এবং মূল্যস্ফীতির ওপরও প্রভাব নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।
কেন কমানো হলো ব্যয়?
জাতীয় বেতন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, নতুন পে-স্কেল একবারে বাস্তবায়ন করতে প্রায় ৪৩ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে চালু থাকা ১০ শতাংশ মহার্ঘভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় সম্ভাব্য ব্যয় কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২১ সদস্যের জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। যদিও কমিশনের প্রস্তাব অনুযায়ী মোট বাস্তবায়ন ব্যয় প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ধরা হয়েছিল, পরে সচিব পর্যায়ের পর্যালোচনায় তা কমিয়ে প্রায় ৯০ হাজার কোটি টাকার মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে।
বিশেষ করে কুক, মালি, গাড়ি-সংক্রান্ত ভাতাসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছু অতিরিক্ত সুবিধা সীমিত রাখার পক্ষে মত দিয়েছে সচিব কমিটি। তবে বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।
কত বাড়তে পারে বেতন?
কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ১ম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া দ্বিতীয় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার টাকা পর্যন্ত বেতন নির্ধারণের সুপারিশ রয়েছে। একইভাবে ১০ম গ্রেডে বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং ২০তম গ্রেডে ধাপে ধাপে ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত উন্নীত হওয়ার সুযোগ রাখা হয়েছে।
পেনশন ও ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব
শুধু বেতন নয়, পেনশন ও অন্যান্য ভাতাতেও বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন।
প্রস্তাব অনুযায়ী, ২০ হাজার টাকার কম পেনশনে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশনে সর্বোচ্চ ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনে ৫৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।
চিকিৎসা ভাতার ক্ষেত্রে বয়সভিত্তিক নতুন হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সেখানে ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকা ভাতার সুপারিশ রয়েছে।
এ ছাড়া প্রতিবন্ধী সন্তান থাকলে মাসে ২ হাজার টাকা ভাতা, টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। প্রায় এক যুগ পর নতুন পে-স্কেল কার্যকরের উদ্যোগ নেওয়া হলেও অর্থনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক পুনর্মূল্যায়নের কারণে সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। চলতি বছরের ২১ জানুয়ারি জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদন তৈরির আগে অনলাইন জরিপের মাধ্যমে প্রায় ২ লাখ ৩৬ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছিল।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম মিশর ম্যাচ: দেখুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ: জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম মিশর ম্যাচ: লাইভ যেভাবে দেখবেন
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম ভারত সাফ ফাইনাল, দেখুন ফলাফল
- শুরু হল বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখুন এখানে
- দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবেন
- শুরু হল আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ: লাইভ দেখুন এখানে
- শুরু হল ব্রাজিল বনাম মিশর ম্যাচ: লাইভ দেখুন এখানে
- পে স্কেল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর!
- পে-স্কেল নিয়ে চরম দুঃসংবাদ!
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ৪৫ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম ভারত ফাইনালে টানটান লড়াই! লাইভ দেখুন এখানে
- রাতে বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ভোরে আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ: ফ্রি যেভাবে দেখবেন
