ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন; যারা পাবেন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে ২০২৬ সালের সম্ভাব্য তারিখ বিবেচনা করে টানা ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
আমিরাত সরকারের দেওয়া তথ্যমতে, আগামী ১৮ মে থেকে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হিসাব অনুযায়ী, হজের প্রধান আনুষ্ঠানিকতা বা আরাফাত দিবস পালিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার)। আর তার পরের দিন অর্থাৎ ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ছুটির বিস্তারিত সময়সূচি:
আমিরাত মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ মে হজের দিন থেকে ছুটি শুরু হবে। এরপর ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত তিন দিন থাকবে ঈদুল আজহার ছুটি। এর সাথে যুক্ত হবে দেশটির সাপ্তাহিক নিয়মিত ছুটি শনি ও রবিবার (৩০ ও ৩১ মে)। সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিন ছুটি উপভোগ করবেন সংযুক্ত আরব আমিরাতের সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা।
সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখগুলোতে এক-আধ দিন পরিবর্তন হতে পারে, তবে বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী এই দীর্ঘ ছুটির প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রবাসী ও দেশটির নাগরিকরা।
সোহাগ/
