আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ এবং শেরপুর-৩ সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের সুযোগ করে দিতে এই দুই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ শূন্য আসন এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে ওই দিন নির্বাচনী এলাকার আওতাধীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মূলত সাধারণ ভোটাররা যাতে কর্মস্থলের ব্যস্ততা কাটিয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই ছুটির আদেশ কার্যকর করা হয়েছে।
সোহাগ/
