১০৭ বিএইচপি ইঞ্জিন নিয়ে Kove 650RR, থাকছে কর্নারিং ABS
চীনা মোটরসাইকেল নির্মাতা Kove উন্মোচন করেছে নতুন সুপারস্পোর্টস বাইক 650RR। ৬৪৫ সিসির ইনলাইন-ফোর ইঞ্জিন, ১০৭ বিএইচপি শক্তি এবং আধুনিক ইলেকট্রনিক রাইডার-অ্যাসিস্ট প্রযুক্তি নিয়ে তৈরি এই বাইকটি ট্র্যাক ও সাধারণ সড়ক, দুই ধরনের ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে।
মিলানে অনুষ্ঠিত EICMA 2026 মোটরসাইকেল প্রদর্শনীতে মডেলটি সামনে আনে প্রতিষ্ঠানটি। পারফরম্যান্সের পাশাপাশি বাইকটির বিশেষ আকর্ষণ হলো কর্নারিং ABS, ট্র্যাকশন কন্ট্রোল এবং দুই দিকেই কাজ করা কুইকশিফটার। আন্তর্জাতিক বাজারে এর প্রথম ডেলিভারি শুরু হওয়ার কথা ২০২৭ সালের তৃতীয় প্রান্তিকে।
৬৪৫ সিসির চার সিলিন্ডার ইঞ্জিন
Kove 650RR-এ রয়েছে নতুন ৬৪৫ সিসির লিকুইড-কুলড, ১৬-ভালভ DOHC ইনলাইন-ফোর ইঞ্জিন। এটি ১৩ হাজার আরপিএমে সর্বোচ্চ ৮০ কিলোওয়াট বা প্রায় ১০৭ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারে। অন্যদিকে ১১ হাজার আরপিএমে পাওয়া যাবে ৬০ নিউটন মিটার টর্ক।
ইঞ্জিনের সঙ্গে রয়েছে ছয় গতির গিয়ারবক্স ও রাইড-বাই-ওয়্যার থ্রটল। চালক প্রয়োজন অনুযায়ী Standard, Sport ও Custom, এই তিনটি রাইডিং মোড ব্যবহার করতে পারবেন। দ্রুত গিয়ার পরিবর্তনের জন্য যুক্ত করা হয়েছে বাই-ডিরেকশনাল কুইকশিফটার। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৬০ কিলোমিটার।
কর্নারিং ABS ও উন্নত সাসপেনশন
বাইকটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য রয়েছে ছয়-অ্যাক্সিস IMU, কর্নারিং ABS এবং ট্র্যাকশন কন্ট্রোল। সামনে দুইটি ফ্লোটিং ডিস্ক ও চার-পিস্টন ক্যালিপার ব্যবহার করা হয়েছে। পেছনে রয়েছে সিঙ্গেল ডিস্ক ব্রেক।
সাসপেনশনের ক্ষেত্রে সামনে অ্যাডজাস্টেবল ফর্ক এবং পেছনে হাইড্রোলিক ড্যাম্পিং সমন্বয়ের সুবিধাসহ মনোশক ইউনিট দেওয়া হয়েছে। বাইকটির টুইন-স্পার ফ্রেমের সঙ্গে অ্যালুমিনিয়ামের সাবফ্রেম ও সুইংআর্ম ব্যবহার করা হয়েছে।
Kove 650RR-এর কার্ব ওজন ১৯৫ কেজি। সিটের উচ্চতা ৮১০ মিলিমিটার এবং জ্বালানি ধারণক্ষমতা ১৭ লিটার।
৬ ইঞ্চি TFT ডিসপ্লে ও সামনে-পেছনে ক্যামেরা
প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও বাইকটিতে বেশ কিছু আধুনিক ফিচার রয়েছে। এতে দেওয়া হয়েছে ৬ ইঞ্চির কালার TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। Bluetooth ও Wi-Fi সংযোগের মাধ্যমে Kove-এর MotoPlay ইন্টারফেস ব্যবহার করা যাবে।
এ ছাড়া সামনে ও পেছনে ক্যামেরা এবং লেন পরিবর্তনের সময় সহায়তার জন্য Lane Change Assist ফিচার রয়েছে। এসব সুবিধা বাইকটিকে শুধু ট্র্যাকের জন্য নয়, সড়কে ব্যবহারের ক্ষেত্রেও প্রযুক্তিনির্ভর করে তুলেছে।
২০২৭ সালে বাজারে আসবে Kove 650RR
Kove জানিয়েছে, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে আন্তর্জাতিক বাজারে 650RR-এর ডেলিভারি শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রথম ডেলিভারি ২০২৭ সালের তৃতীয় প্রান্তিকে হওয়ার কথা। একই বছর আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায়ও মডেলটি নিয়ে অংশ নেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
তবে এখন পর্যন্ত বাইকটির আন্তর্জাতিক বাজারমূল্য এবং বাংলাদেশে বিক্রির বিষয়ে কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি। ফলে বাংলাদেশের বাজারে এটি কবে আসবে বা দাম কত হতে পারে, তা এখনই বলা যাচ্ছে না।
আশা/
