ফ্যামিলি কার্ডে মাসে কত টাকর পাবেন জানাল সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকারের বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী এই কর্মসূচির পরীক্ষামূলক বা পাইলট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রাথমিক পর্যায়ে বিতরণ প্রক্রিয়া:
মন্ত্রী জানান, শুরুতে দেশের ১৪টি উপজেলার প্রতিটির একটি করে ইউনিয়নের একটি নির্দিষ্ট ওয়ার্ডের সকল বাসিন্দাকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। অর্থাৎ পাইলট প্রকল্পের জন্য নির্ধারিত ওই ওয়ার্ডগুলোর কোনো পরিবারই এই সুবিধার বাইরে থাকবে না।
সহায়তার পরিমাণ:
এই কার্ডের মাধ্যমে প্রতিটি সুবিধাভোগী পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নিম্ন-আয়ের পরিবারগুলোকে নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্রে স্বস্তি দেওয়া।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এই ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হলো। পাইলট প্রকল্পের সফলতা যাচাই করে পরবর্তী সময়ে এটি সারা দেশে পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে।
সোহাগ/
