৩ নতুন ফোন আনছে Vivo, ফাঁস হলো ডিজাইন ও ফিচার
প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, টিপস্টার সুধাংশু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফোনগুলোর রেন্ডার ছবি ও সম্ভাব্য ফিচার প্রকাশ করেছেন। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Vivo Y21s 5G ও Y11s 5G মডেলে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকতে পারে। অন্যদিকে Vivo Y05s 4G ফোনে ব্যবহার করা হতে পারে UNISOC T7225 চিপসেট।
তবে ভিভো এখনো ফোন তিনটির লঞ্চের তারিখ, দাম কিংবা স্পেসিফিকেশন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
Vivo Y21s 5G-তে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, তিন ফোনের মধ্যে তুলনামূলক উন্নত মডেল হতে পারে Vivo Y21s 5G। এতে MediaTek Dimensity 6300 প্রসেসরের সঙ্গে সর্বোচ্চ ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে।
ডিসপ্লে হিসেবে ফোনটিতে ৬.৭৪ ইঞ্চির এলসিডি প্যানেল দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর রেজল্যুশন হতে পারে ১৬০০ × ৭২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০Hz। ফলে সাধারণ ব্যবহারের পাশাপাশি স্ক্রলিং ও ভিডিও দেখার ক্ষেত্রে মসৃণ অভিজ্ঞতা পাওয়া যেতে পারে।
ক্যামেরার ক্ষেত্রে Vivo Y21s 5G-তে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সরের সঙ্গে ০.০৮ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকতে পারে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাটারি হিসেবে এতে ৬ হাজার ৫০০mAh সক্ষমতার ব্যাটারি এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকার কথা বলা হয়েছে। এ ছাড়া সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রোএসডি কার্ড স্লট এবং IP65 রেটিং থাকতে পারে। সফটওয়্যার হিসেবে ফোনটি OriginOS 6-এ চলতে পারে।
Vivo Y11s 5G-তে ৬৫০০mAh ব্যাটারি, তবে চার্জিং ধীর
Vivo Y11s 5G মডেলটি Y21s-এর তুলনায় কম দামের বিকল্প হিসেবে বাজারে আসতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এতে একই MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটিতে থাকতে পারে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
ডিসপ্লের ক্ষেত্রেও বড় কোনো পার্থক্য থাকার কথা নয়। এতে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি প্যানেল এবং ১২০Hz রিফ্রেশ রেট থাকতে পারে।
তবে ক্যামেরায় কিছুটা পার্থক্য দেখা যেতে পারে। ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। সামনে থাকতে পারে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
Y11s 5G-তেও ৬ হাজার ৫০০mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এতে চার্জিং ক্ষমতা হতে পারে ১৫ ওয়াট, যা Y21s-এর ৪৪ ওয়াট চার্জিংয়ের তুলনায় অনেক কম। এ ছাড়া OriginOS 6, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রোএসডি কার্ড স্লট এবং IP65 রেটিং থাকতে পারে।
Vivo Y05s 4G-তে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা
তিনটি ফোনের মধ্যে Vivo Y05s 4G হবে ৪জি নেটওয়ার্ক সমর্থিত মডেল। বাজেট ক্রেতাদের লক্ষ্য করে ফোনটি বাজারে আনা হতে পারে।
ফাঁস হওয়া স্পেসিফিকেশন অনুযায়ী, এতে UNISOC T7225 প্রসেসর ব্যবহার করা হতে পারে। এর সঙ্গে থাকতে পারে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।
ফোনটির ডিসপ্লেও অন্য দুই মডেলের মতো হতে পারে। অর্থাৎ এতে ৬.৭৪ ইঞ্চির এলসিডি প্যানেল, ১৬০০ × ৭২০ পিক্সেল রেজল্যুশন এবং ১২০Hz রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে Vivo Y05s 4G-তে একটি ৮ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা থাকতে পারে। ব্যাটারি হিসেবে এতে ৬ হাজার ৫০০mAh সক্ষমতার ব্যাটারি ও ১৫ ওয়াট চার্জিং সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া ফোনটিতে OriginOS 6, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রোএসডি কার্ড স্লট এবং IP65 রেটিং থাকতে পারে।
কবে বাজারে আসবে Vivo-র নতুন তিন ফোন?
Vivo Y21s 5G, Y11s 5G ও Y05s 4G ফোনের দাম এবং নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনো প্রকাশ করা হয়নি। তবে ফাঁস হওয়া স্পেসিফিকেশন বিবেচনায় তিনটি ফোনই বাজেট সেগমেন্টের ক্রেতাদের লক্ষ্য করে তৈরি হতে পারে।
এর মধ্যে Y21s 5G হবে তুলনামূলক উন্নত মডেল। Y11s 5G কম দামে ৫জি সুবিধা দিতে পারে। আর Y05s 4G হতে পারে যাঁদের ৫জি প্রয়োজন নেই, তাঁদের জন্য সাশ্রয়ী বিকল্প।
তবে ফোনগুলোর চূড়ান্ত দাম, ফিচার এবং বাজারে আসার সময় জানতে ভিভোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে। ভারতে লঞ্চ হলেও বাংলাদেশে কবে পাওয়া যাবে, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য নেই।
আশা/
