দেশের সব স্কুল-কলেজে জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজসহ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত ‘প্রবিধানমালা, ২০২৬’ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানে নতুন গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে।
এই নির্দেশনা বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমমানের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য।
বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছেও বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা জারি হলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে।
আশা/
