ভালুকায় ঘুমের মধ্যে সাপের ছোবল, প্রাণ গেল গৃহবধূর
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে মোছলেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের পাঁচপাই বাঁশবাড়ী এলাকায়। মোছলেহা খাতুন ওই এলাকার সানোয়ার হোসেন ওরফে ছানুর স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বুধবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় মোছলেহা খাতুনের হাতে একটি বিষধর সাপ ছোবল দেয়। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে সাপের বিষের প্রতিষেধক দেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় প্রতিষেধক দেওয়া হয়। এরপরও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। বুধবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোমতাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের ছোবলে আক্রান্ত হওয়ার পর মোছলেহা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোহাগ/
