৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনের আগে ও ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।
ইসির নির্দেশনা অনুযায়ী, ২৮ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ২৯ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ ছাড়া ওষুধ ও চিকিৎসাসামগ্রী, সংবাদপত্র পরিবহন এবং দূরপাল্লার যাত্রী বহনের কাজে ব্যবহৃত যানবাহনও চলাচল করতে পারবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তাঁর নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট আকারের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও গাড়িতে নির্ধারিত স্টিকার প্রদর্শন করতে হবে।
সাংবাদিক, পর্যবেক্ষক এবং জরুরি কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেলও নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।
আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।
ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
সোহাগ/
