ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ ও বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী ৬১টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। স্থগিত ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি জানিয়েছে, সৌদি আরবগামী ফ্লাইট স্থগিতের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা আগের হিসাবের তুলনায় বেড়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া ২২টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, রিয়াদ এয়ারের ৭টি, সৌদিয়ার ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ৩৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট রয়েছে।
বেবিচক জানিয়েছে, ৮ হাজার ৩৮১ জন যাত্রীর হিসাবের মধ্যে রিয়াদ এয়ারের ফ্লাইটের যাত্রীদের অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ, এয়ারলাইনসটি এখনো তাদের যাত্রীর সংখ্যা জানায়নি। সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেলে মোট যাত্রীর হিসাব হালনাগাদ করা হবে।
এর আগে বেবিচক জানিয়েছিল, ৫১টি ফ্লাইট স্থগিত হওয়ায় ৫ হাজার ৪১৮ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সর্বশেষ হিসাবে স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ৬১টিতে দাঁড়িয়েছে। একই সঙ্গে ভোগান্তিতে পড়া যাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এসব ঘটনার পর নিরাপত্তার কারণে ফ্লাইট চলাচল স্থগিত ও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট চলাচল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে।
ফলে সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পুনর্নির্ধারিত সময়সূচি এবং টিকিট পরিবর্তন বা ফেরতের নিয়ম জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সোহাগ/
