পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আগামী বছরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। এরপর পর্যায়ক্রমে ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে ভোটগ্রহণ হবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠকে ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের পাঁচ ধাপের ভোটের সময়সূচি জানান।
কোন ধাপে কবে ভোট?
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ হলো—
- প্রথম ধাপ: ২১ জানুয়ারি
-দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি
- তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল
- চতুর্থ ধাপ: ১৩ মে
- পঞ্চম ধাপ: ২৭ মে
আগে সাত ধাপে নির্বাচনের পরিকল্পনা ছিল
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সে সময় ১২ নভেম্বর থেকে সাত ধাপে ভোটগ্রহণের প্রাথমিক পরিকল্পনার কথা জানানো হয়।
তবে ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার বিষয় উঠে আসে। এরপর নির্বাচন কমিশন আরও আলোচনা করে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণের কথা জানিয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সাত ধাপের পরিবর্তে পাঁচ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিদ্দিকা/
