নতুন পে স্কেলে iBAS++-এ যেভাবে করবেন পে ফিক্সেশন
নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এ জন্য সরকারি কর্মচারীদের iBAS++ সিস্টেমে প্রবেশ করে ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
তথ্য জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও) এবং হিসাবরক্ষণ অফিস তা যাচাই করে অনুমোদন করবে। নতুন পে স্কেলে বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করবেন, তা ধাপে ধাপে জেনে নেওয়া যাক।
iBAS++-এ লগইন করবেন যেভাবে
গেজেটেড কর্মকর্তা iBAS++-এর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন। অন্যদিকে, নন-গেজেটেড কর্মচারীরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করতে পারবেন।
লগইনের সময় iBAS++-এ নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিতে হবে। বিদেশে অবস্থানরত কর্মচারীদের ক্ষেত্রে নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা রয়েছে।
এনআইডিতে তথ্য ভুল থাকলে কী করবেন
কোনো কর্মচারীর এনআইডি না থাকলে নতুন বেতন নির্ধারণের আগে এনআইডির জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে।
চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখের সঙ্গে এনআইডির জন্মতারিখের মিল না থাকলে বেতন নির্ধারণের আগে সংশ্লিষ্ট তথ্য সংশোধন করতে হবে। তাই পে ফিক্সেশনের আবেদন করার আগে এনআইডি ও চাকরির তথ্য ঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি।
পে ফিক্সেশন করবেন যেভাবে
iBAS++-এ প্রবেশ করার পর ‘পে ফিক্সেশন’ অপশনে যেতে হবে। সেখানে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
তথ্য পূরণ করার পর আবেদন জমা দেওয়ার আগেই সিস্টেমে নতুন নির্ধারিত মূল বেতনের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। সব তথ্য সঠিকভাবে যাচাই করে আবেদন জমা দিতে হবে।
এরপর আবেদনটি সংশ্লিষ্ট ডিডিওর কাছে যাবে।
ডিডিও কী যাচাই করবেন
আবেদন জমা দেওয়ার পর ডিডিও কর্মচারীর দেওয়া তথ্য যাচাই করবেন। বিশেষ করে নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বই অনুযায়ী আগের চাকরি, বেতন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কি না, তা যাচাই করা হবে।
হিসাবরক্ষণ অফিসের অনুমোদন
ডিডিওর যাচাইয়ের পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস অনলাইনে তথ্য পরীক্ষা করবে। সবকিছু সঠিক থাকলে বেতন নির্ধারণের বিবরণী অনুমোদন ও প্রতিপাদন করা হবে।
অনুমোদনের পর iBAS++ সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ‘ভেরিফিকেশন নম্বর’ তৈরি হবে। ওই নম্বর এবং নতুন নির্ধারিত বেতন সার্ভিস বইয়ে লিপিবদ্ধ করতে হবে। এরপর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ম্যানুয়ালি স্বাক্ষর করবেন।
পুরো প্রক্রিয়াটি অনলাইনে হলেও চূড়ান্ত যাচাইয়ের দায়িত্ব কার?
নতুন পে স্কেলে বেতন নির্ধারণের আবেদন ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার কাজ অনলাইনে সম্পন্ন হলেও চূড়ান্ত যাচাই ও অনুমোদনের দায়িত্ব সংশ্লিষ্ট ডিডিও এবং হিসাবরক্ষণ অফিসের ওপর থাকবে।
এ ছাড়া আগের ‘payfixation.gov.bd’ ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করলেও ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে iBAS++-এর ‘পে ফিক্সেশন’ অপশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
পে ফিক্সেশনের আগে যেসব তথ্য যাচাই করবেন
নতুন বেতন নির্ধারণের আবেদন করার আগে এনআইডি নম্বর, জন্মতারিখ, চাকরির তথ্য, নিবন্ধিত মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি।
কারণ ভুল বা অসামঞ্জস্যপূর্ণ তথ্যের ভিত্তিতে বেতন নির্ধারণ হলে পরবর্তী সময়ে তা সংশোধনের প্রয়োজন হতে পারে।
সিদ্দিকা/
