নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার কাঠামোয় বড় পরিবর্তন আসছে। মূল বেতন বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্টের হারেও পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে ২০২৪ সালে চালু হওয়া বিশেষ আর্থিক সুবিধাও নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আর থাকবে না।
সরকার ৩১ আগস্ট জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে। নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে ধরা হলেও মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
যে বিশেষ সুবিধা আর থাকছে না
২০২৪ সালে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা চালু করা হয়েছিল। পরে ২০২৫-২৬ অর্থবছরে এর হার গ্রেডভেদে বাড়িয়ে ১ম থেকে ৯ম গ্রেডে মোট ১০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে মোট ১৫ শতাংশ করা হয়। নতুন জাতীয় বেতন কাঠামো কার্যকর হলে এই বিশেষ সুবিধা বাতিল হবে।
অর্থাৎ, নতুন পে-স্কেলে মূল বেতন নতুন কাঠামো অনুযায়ী নির্ধারিত হলেও আলাদা করে এই বিশেষ সুবিধা আর যোগ হবে না।
গ্রেডভেদে কমবে বার্ষিক ইনক্রিমেন্ট
বর্তমান ব্যবস্থায় সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টের হার অভিন্ন ৫ শতাংশ। নতুন পে-স্কেলে গ্রেড অনুযায়ী ইনক্রিমেন্টের হার নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী—
-
গ্রেড ২০ থেকে ৬: ৫ শতাংশ
-
গ্রেড ৫: ৪ শতাংশ
-
গ্রেড ৪ ও ৩: ৩.৫ শতাংশ
-
গ্রেড ২: ২.৭৫ শতাংশ
সশস্ত্র বাহিনীতেও একই ধরনের কাঠামো রাখা হয়েছে। ক্যাপ্টেন ও সমতুল্য এবং তার নিচের পদে ৫ শতাংশ, মেজরে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেলে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে।
মূল বেতন কত বাড়ছে
নতুন পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামোয় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে। সরকারি হিসাবে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
বাড়িভাড়ার হারও পরিবর্তন হচ্ছে
নতুন পে-স্কেলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া ভাতার শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় বর্তমানে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া পাওয়া গেলেও নতুন কাঠামোয় তা ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
তবে মূল বেতন বড় পরিমাণে বাড়ায় শতাংশ কমলেও কিছু ক্ষেত্রে ভাতার প্রকৃত টাকার পরিমাণ আগের তুলনায় বেশি হতে পারে।
চিকিৎসা ভাতা বাড়ছে
নতুন কাঠামোয় চিকিৎসা ভাতার পরিমাণও বাড়ানোর প্রস্তাব রয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পেতে পারেন।
পেনশনভোগীদের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ বছর বয়সীদের মাসে ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীদের ৬ হাজার টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব রয়েছে।
সব গ্রেডে মোবাইল ভাতার প্রস্তাব
নতুন পে-স্কেলের অন্যতম পরিবর্তন হলো সব গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মোবাইল ভাতার আওতায় আনা।
প্রস্তাব অনুযায়ী, ১ম থেকে ৫ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন। নতুন কাঠামোয় সব গ্রেডকে এই সুবিধার আওতায় আনার সিদ্ধান্তের কথা সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে।
আরও যেসব ভাতা বাড়তে পারে
নতুন কাঠামোয় কয়েকটি ছোট ভাতার পরিমাণও বাড়ানোর প্রস্তাব রয়েছে। এর মধ্যে—
-
যাতায়াত ভাতা: ৩০০ থেকে ৬০০ টাকা
-
টিফিন ভাতা: ২০০ থেকে ৫০০ টাকা
-
ধোলাই ভাতা: ১০০ থেকে ৩০০ টাকা
অন্যদিকে বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
কবে থেকে নতুন পে-স্কেল কার্যকর
মন্ত্রিসভা ৩১ আগস্ট জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে। এটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে। তবে আর্থিক প্রভাব বিবেচনায় মূল বেতন একবারে বাস্তবায়ন না করে তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, মূল বেতন ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আর বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও বেশ কিছু ভাতার কাঠামো পরিবর্তন হচ্ছে। তবে এর সঙ্গে ২০২৪ সালে চালু হওয়া বিশেষ সুবিধা বাতিল এবং উচ্চতর কয়েকটি গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্টের হার কমানোর সিদ্ধান্তও কার্যকর হবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- লাফিয়ে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
