আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে নেওয়া ওই সিদ্ধান্ত নিয়ে তখন দেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হয় বিশ্বকাপ।
বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে সে সময়ের সরকারকেও এ সিদ্ধান্তের জন্য দায়ী করেছে কমিটি।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা ছিল।
তদন্ত কমিটির বক্তব্য
ফয়সাল দস্তগীর বলেন, তদন্তে পাওয়া তথ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি মনে করেছে, বাংলাদেশকে বিশ্বকাপে না পাঠানোর সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দায়ী। পাশাপাশি ওই সময়ের সরকারকেও দায়ী করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্বকাপে খেলা উচিত ছিল বলে তদন্ত কমিটি মনে করে।
কেন তদন্ত কমিটি গঠন করা হয়
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছিলেন অনেকে। পরে বিশ্বকাপে না যাওয়ার পেছনের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্তের উদ্যোগ নেয় বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এর ধারাবাহিকতায় চলতি বছরের মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দুই সদস্য ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
কাদের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি
দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে কমিটি। তদন্তের অংশ হিসেবে ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা, কোচ ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের বক্তব্যও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
এ ছাড়া বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, সে সময়ের জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং তৎকালীন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের বক্তব্য নেওয়া হয়।
গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সঙ্গেও কথা বলেছে তদন্ত কমিটি।
আসিফ নজরুল ও আমিনুলের বক্তব্য পাওয়া যায়নি
তদন্ত প্রতিবেদনে যাদের বিরুদ্ধে অভিযোগের তীর রয়েছে, তাদের মধ্যে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং ওই সময়ের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য নিতে পারেনি তদন্ত কমিটি।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত দুজনের কারও বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ খুঁজতে কয়েক মাস ধরে বিভিন্ন পক্ষের বক্তব্য ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করেছে তদন্ত কমিটি। সেই অনুসন্ধানের ভিত্তিতেই মঙ্গলবার ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
