কুয়েতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে সার্বিক নিরাপত্তার স্বার্থে সব ধরনের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। তাই কুয়েত সরকারের সব আইনকানুন ও নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।
বিশেষ করে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার দৃশ্য সরাসরি ধারণ করা কিংবা ভিডিও করার বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। প্রবাসীদের এ ধরনের ছবি বা ভিডিও ধারণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড না করার জন্য প্রবাসীদের অনুরোধ করেছে দূতাবাস।
জরুরি সহায়তায় হটলাইন
কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি সহায়তার জন্য তিনটি হটলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
হটলাইন নম্বরগুলো হলো:
+৯৬৫ ৬৯৯২০০১৩
+৯৬৫ ৬৬৫১৬৪০৪
+৯৬৫ ৫০৮৯৫১৬১
এ ছাড়া প্রয়োজনে দূতাবাসের ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে:
[[email protected]](mailto:[email protected])
পরিস্থিতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।
সোহাগ/
