এসএসসি পুনঃনিরীক্ষণের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য ৪ লাখের বেশি পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ আবেদন করেছেন। এর মধ্যে লিখিত বা তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্রের জন্য ১০ লাখ ৫৬ হাজারের বেশি এবং ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য ২ লাখ ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
এবার পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা পুনঃনিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে। এর আগে প্রচলিত নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না। আবেদনকারীদের খাতা যাচাইয়ের সময় সাধারণত নম্বর যোগ-বিয়োগে কোনো ভুল হয়েছে কি না, তা পরীক্ষা করা হতো।
তবে এবার উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিষয়টিও প্রক্রিয়ার আওতায় আসছে বলে জানা গেছে। ফলে পুনঃনিরীক্ষণের পর কিছু শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসতে পারে।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
এর আগে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। আগামী ১০ সেপ্টেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এ দুটি সংখ্যায় কিছুটা পরিবর্তন আসতে পারে।
সোহাগ/
