বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন সংক্রান্ত পেন্ডিং থাকা সব আবেদন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
মঙ্গলবার (১৯ আগস্ট) ডিপিইর উপপরিচালক (উপবৃত্তি) নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়নের কার্যক্রম আইপিইএমআইএস সফটওয়্যারের এনজিপিএসআর মডিউলের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। তবে উপজেলা বা থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এখনো এসব বিষয়ে অনেক আবেদন পেন্ডিং রয়েছে।
ডিপিই জানিয়েছে, এসব আবেদন যথাসময়ে নিষ্পত্তি না হলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থী ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।
‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’-এর ৫.৩ নম্বর শর্ত অনুযায়ী, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি অথবা নিবন্ধন থাকা বাধ্যতামূলক।
এ কারণে আইপিইএমআইএস সফটওয়্যারের এনজিপিএসআর মডিউলের মাধ্যমে অনলাইনে করা আবেদনের পাশাপাশি অফলাইনে গ্রহণ করা আবেদনগুলোও দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেন্ডিং থাকা সব আবেদন নিষ্পত্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সোহাগ/
