বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, লাইভ দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: মহাজাগতিক বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। বুধবার (১২ আগস্ট) পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের প্রচ্ছায়ায় সূর্যের পুরো ডিস্ক ঢেকে যাবে। ফলে নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলো সাময়িকভাবে অন্ধকারে পরিণত হবে।
নাসার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত ৯টা ৩৪ মিনিটে। তবে বাংলাদেশ থেকে সরাসরি আকাশে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না।
এবারের গ্রহণের পূর্ণগ্রাস পথ প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে চাঁদের ছায়া গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন ও পর্তুগালের কিছু অংশের ওপর দিয়ে অতিক্রম করবে। স্থানভেদে সূর্য ২০ সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় পুরোপুরি আড়াল থাকতে পারে।
পূর্ণগ্রাসের মূল পথের বাইরে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কানাডার বেশির ভাগ অংশ, ইউরোপের বড় এলাকা এবং উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অঞ্চলও এর আওতায় থাকবে।
স্পেন ও পর্তুগালের কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগে গ্রহণ দেখা যেতে পারে। ফলে সেখানে সূর্যগ্রহণ ও সূর্যাস্তের বিরল দৃশ্য একসঙ্গে দেখার সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশির ভাগ এলাকা থেকে সরাসরি আকাশে এই গ্রহণ দেখা যাবে না। তবে নাসার লাইভ সম্প্রচারের মাধ্যমে ঘরে বসেই গ্রহণটি দেখা যাবে।
নাসা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে লাইভ সম্প্রচার শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী সম্প্রচার শুরু হবে রাত ১১টা ১৫ মিনিটে। নাসার ওয়েবসাইটের ‘NASA Live’ বিভাগে গিয়ে সরাসরি সম্প্রচার দেখা যাবে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সরাসরি সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই অনুমোদিত সোলার ভিউয়ার বা সোলার ফিল্টার ব্যবহার করতে হবে। সাধারণ সানগ্লাস দিয়ে সূর্যগ্রহণ দেখা নিরাপদ নয়।
সোহাগ/
