এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন।
এবার নতুন পদ্ধতিতে অনলাইনে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হচ্ছে। প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেভাবে আবেদন করবেন
খাতা পুনঃনিরীক্ষণের জন্য প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
এরপর একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
পরবর্তী ধাপে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেসব বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। যেসব বিষয়ের দুটি পত্র রয়েছে, সেসব বিষয়ের উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
যেভাবে ফি পরিশোধ করবেন
বিষয় নির্বাচন করার পর পরবর্তী স্ক্রিনে মোট ফি-এর পরিমাণ দেখা যাবে। এরপর বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে।
ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট পুনঃনিরীক্ষণ পোর্টালের ‘সহায়তা’ অপশনে পাওয়া যাবে।
ফি পরিশোধ সম্পন্ন করার পর পুনঃনিরীক্ষণের আবেদন পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
পরে নতুন বিষয় যুক্ত করা যাবে
একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পরও কোনো পরীক্ষার্থী চাইলে নতুন বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে একই পদ্ধতিতে নতুন বিষয় নির্বাচন করে ফি পরিশোধ করতে হবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
তবে কোনো বিষয়ের ফি একবার পরিশোধ করা হলে সেই বিষয় আর বাতিল করা যাবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।
আবেদনের শেষ সময় ১৭ আগস্ট
এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে শুরু হয়ে ১৭ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর আর আবেদন করার সুযোগ থাকবে না।
এবার শুধু অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই আগ্রহী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করে ফি পরিশোধ সম্পন্ন করতে হবে।
সোহাগ/
