ফের বাড়তে পারে বৃষ্টি, কতদিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ জানিয়েছেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত সপ্তাহের মতো টানা ভারী বর্ষণের আশঙ্কা নেই।
বুধবার (১৫ জুলাই) দুপুরে আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া এক বক্তব্যে ড. বজলুর রশিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম। লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
তিনি জানান, সাগরে লঘুচাপের কারণে ঢেউ কিছুটা উত্তাল হতে পারে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। আগামী দুই দিন বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে। ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দীর্ঘ সময় ধরে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
ড. বজলুর রশিদ আরও বলেন, এবার বৃষ্টিপাত আগের দফার মতো তীব্র হওয়ার আশঙ্কা কম। এর আগে দেশের বিভিন্ন স্থানে ২০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এবার কোথাও কোথাও প্রায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসের ৫ জুলাই থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের মূল কারণ ছিল সাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ু। প্রথমে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি শুরু হলেও পরে তা সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, ৫ থেকে ১২ জুলাইয়ের মধ্যে চলতি মাসের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। রাজধানী ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
তবে আজ তাপমাত্রা আর বাড়বে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টায় প্রকাশিত পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসেও ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। নতুন দফার বৃষ্টি দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু হয়ে ধীরে ধীরে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে। যদিও এই বৃষ্টিপাতও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
