আসছে টানা ৪ দিনের সরকারি ছুটি!
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। সামনে আসছে টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ অবকাশ কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
সরকারের প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি পালিত হবে। তবে চূড়ান্তভাবে ছুটির তারিখ নির্ধারণ করা হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
এদিকে ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, মাঝের দিন অর্থাৎ ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিন ছুটি নিতে পারলেই টানা চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো কিংবা স্বল্প ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।
প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, চিকিৎসাসেবা, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাকসেবা এবং অন্যান্য জরুরি সেবাখাতের কর্মীরা সাধারণত এ ছুটির আওতায় থাকেন না। একইভাবে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং দায়িত্বপ্রাপ্ত সেবাকর্মীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হয়।
ব্যাংক খোলা বা বন্ধ থাকবে কি না, সে বিষয়ে পৃথক নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম চালু থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সোহাগ/
