তিন বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কমতে পারে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক: দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিরও আভাস রয়েছে।
শনিবার সকালে প্রকাশিত আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে, যা স্থানীয়ভাবে জলাবদ্ধতা বা সাময়িক ভোগান্তির কারণ হতে পারে।
এদিকে বৃষ্টির প্রভাবে দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে এখনো মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলায় এই তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। তবে কিছু এলাকায় বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
সিদ্দিকা/
