গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু, গণশুনানি চলছে
নিজস্ব প্রতিবেদক: দেশে গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগে নতুন ধাপ শুরু হয়েছে। ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থার দেওয়া মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দুই দিনব্যাপী এ গণশুনানির আয়োজন করা হয়। এতে বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ, ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।
জানা গেছে, বিভিন্ন বিতরণ কোম্পানি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ডিপিডিসি ৬ দশমিক ৯৬ শতাংশ, ডেসকো ৯ দশমিক ৬৭ শতাংশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৫ দশমিক ৯৩ শতাংশ, নেসকো ৪ দশমিক ১২ শতাংশ এবং ওজোপাডিকো ১০ দশমিক ১২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর আবেদন করেছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের সম্ভাব্য মূল্যবৃদ্ধিও খুচরা দামের সঙ্গে সমন্বয়ের প্রস্তাব রাখা হয়েছে।
বিতরণ কোম্পানিগুলোর দাবি, পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ অবস্থায় আর্থিক ঘাটতি সামাল দেওয়া এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে গ্রাহক পর্যায়ে দাম সমন্বয় জরুরি হয়ে পড়েছে।
দেশের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো, নেসকো এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এসব প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতেই বর্তমান গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে।
সোহাগ/
