পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সুখবর পেল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জ্বালানি খাতের স্বপ্নসারথি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বড় ধরনের সুখবর মিলেছে। বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটটি আনুষ্ঠানিকভাবে ‘কমিশনিং লাইসেন্স’ পেয়েছে। এর মাধ্যমে দেশের বৃহত্তম এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে আর কোনো আইনি বা প্রযুক্তিগত বাধা রইল না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন লাইসেন্স পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পিছিয়ে যাওয়া ফুয়েল লোডিং ও বর্তমান অবস্থা
এর আগে গত ৭ এপ্রিল থেকে প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি বা ফুয়েল লোডিং শুরু হওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় নিবন্ধন বা লাইসেন্স হাতে না পাওয়ায় নির্ধারিত দিনে সেই কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। অবশেষে এই কমিশনিং লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে ফুয়েল লোডিং ও বিদ্যুৎ উৎপাদনের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
উৎপাদনের সময়সূচি
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের প্রথম ইউনিটটি পূর্ণ ক্ষমতায় অর্থাৎ ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।
মাইলফলকের গুরুত্ব
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং লাইসেন্স পাওয়াকে দেশের পরমাণু শক্তি কর্মসূচির একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
সোহাগ/
