শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মহানগর ও মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এই সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচলিত ছুটির চেয়ে এক দিন ছুটি কমে যাবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।
নতুন ক্লাসের সময়সূচি ও পদ্ধতি:
শিক্ষামন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় আগ্রহী করে তুলতে রাজধানীর কিছু স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন রুটিন অনুযায়ী:
১. শনিবার: সশরীরে (অফলাইন) ক্লাস।
২. রবিবার: অনলাইন ক্লাস।
৩. সোমবার: সশরীরে (অফলাইন) ক্লাস।
৪. মঙ্গলবার: অনলাইন ক্লাস।
৫. বুধবার: সশরীরে (অফলাইন) ক্লাস।
৬. বৃহস্পতিবার: অনলাইন ক্লাস।
মন্ত্রীর বক্তব্য ও লক্ষ্য:
শিক্ষামন্ত্রী বলেন, এই পদ্ধতিটি আপাতত মহানগর ও মেট্রোপলিটন এলাকার অধিক শিক্ষার্থী সমৃদ্ধ প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এটি বাধ্যতামূলক নয় এবং দেশের বাকি অংশে এখনই কার্যকর হচ্ছে না। এই প্রকল্পের মূল লক্ষ্য শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার দিকে অনুপ্রাণিত করা। তবে তিনি সতর্ক করে বলেন, এমন কোনো হুটহাট সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব পড়ে।
শিক্ষকদের অবস্থান ও সরকারের উদ্যোগ:
নতুন এই পদ্ধতি নিয়ে শিক্ষকরা ইতিবাচক মনোভাব দেখালেও অনলাইন ক্লাসের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা আরও জানান, যেসব শিক্ষার্থী কারিগরি সমস্যার কারণে অনলাইনে ক্লাস করতে পারবে না, তাদের জন্য অফলাইন ক্লাসে বাড়তি সময় দেওয়া হবে।
এছাড়া মন্ত্রী আরও জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব বাসের ব্যবস্থা করবে, তাদের জন্য শুল্কমুক্ত সুবিধায় বাস আমদানির সুযোগ দেবে সরকার।
সিদ্দিকা/
