এবার অকটেন নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি তেলের মজুদ বাড়াতে মালয়েশিয়া থেকে বিশাল এক অকটেনের চালান পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টোর’ নামের একটি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
অকটেন আমদানির বিস্তারিত:
মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ১৮৩.৬ মিটার লম্বা এই জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটায় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
খালাস প্রক্রিয়া:
বন্দর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের মধ্যে জাহাজটিকে শক্তিশালী টাগ বোটের সহায়তায় বন্দরের ৫ নম্বর ডলফিন জেটিতে ভেড়ানো হবে। এরপরই শুরু হবে পাইপলাইনের মাধ্যমে তেল খালাস কার্যক্রম।
অগ্রাধিকার ভিত্তিতে তেল খালাস:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ স্বাভাবিক রাখা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই জ্বালানিবাহী জাহাজগুলোকে কোনো দেরি না করে দ্রুত জেটিতে ভেড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে আরও বেশ কিছু তেল ও গ্যাসের জাহাজ খালাস হয়েছে এবং আরও কয়েকটি জাহাজ আসার অপেক্ষায় রয়েছে।
এই চালানের ফলে দেশের বাজারে অকটেনের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সোহাগ/
