১৬ টাকা কমলো ফার্নেস অয়েলের দাম
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ভারী শিল্প ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রতি লিটারে ১৫ টাকা ৯০ পয়সা কমিয়ে এই জ্বালানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ১০ পয়সা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।
নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকেই সারা দেশে কার্যকর হবে। এর আগে বাজারে প্রতি লিটার ফার্নেস অয়েল ৮৬ টাকা দরে বিক্রি করা হতো। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার উৎপাদন খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
বিইআরসি জানায়, এবারই প্রথমবারের মতো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিবর্তে গণশুনানির ভিত্তিতে বিইআরসির মাধ্যমে ফার্নেস অয়েলের দাম ঘোষণা করা হলো। সংস্থার সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিসিসহ দেশের অন্যান্য তেল বিপণনকারী কোম্পানিগুলোর সরবরাহকৃত ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের নতুন মূল্য হবে ৭০ টাকা ১০ পয়সা। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দর বহাল থাকবে।
শিল্প মালিক ও জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, ফার্নেস অয়েলের দাম এক ধাক্কায় অনেকটা কমায় বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমবে, যা পরোক্ষভাবে সাধারণ মানুষের ওপর থাকা মূল্যস্ফীতির চাপ কমাতেও সহায়তা করতে পারে।
সোহাগ/
