সরকারি কর্মচারীদের জন্য সুখবর: মার্চ থেকে কার্যকর হচ্ছে মহার্ঘ ভাতা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সরকার। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে অর্থ মন্ত্রণালয় এই ভাতার প্রস্তাব করেছে। এর ফলে সরকারি চাকুরিজীবীদের বেতন সর্বনিম্ন ৪ হাজার থেকে সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত বাড়তে যাচ্ছে।
গ্রেড অনুযায়ী ভাতার হার:
এবারের মহার্ঘ ভাতায় নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেশি সুবিধা রাখা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ ভাতা পাবেন। ৪ থেকে ১০ম গ্রেডের জন্য ২০ শতাংশ এবং ১ম থেকে ৩য় গ্রেডের কর্মকর্তাদের জন্য ১০ শতাংশ হারে ভাতা নির্ধারণ করা হয়েছে।
মহার্ঘ ভাতার শর্তসমূহ:
মন্ত্রণালয়ের তথ্যমতে, কোনো চাকরিজীবীই ৪ হাজার টাকার কম ভাতা পাবেন না। তবে নতুন এই মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই আগের সরকারের দেওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি বাতিল হয়ে যাবে। ইনক্রিমেন্টের সময় এই বর্ধিত ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। এছাড়া পেনশনভোগীরাও এই নতুন সুবিধার আওতায় থাকবেন।
কবে থেকে কার্যকর হবে:
সবকিছু ঠিক থাকলে চলতি ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই বর্ধিত সুবিধা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান নিশ্চিত করেছেন যে, চলতি অর্থবছরের মধ্যেই এর আনুষ্ঠানিক ঘোষণা আসছে।
অর্থায়ন ও প্রেক্ষাপট:
২০১৫ সালের পর দীর্ঘ সময় বেতন কাঠামোতে বড় পরিবর্তন না আসায় সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা ছিল। এই বর্ধিত ভাতার প্রয়োজনীয় অর্থ সংস্থানের জন্য সরকার উন্নয়ন বাজেট থেকে সাশ্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় গঠিত একটি বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সেলিম/
