কারওয়ান বাজারে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে রেলগেট সংলগ্ন এলাকায় একটি ঝুপড়ি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একযোগে কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, "কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুন লাগার খবর পেয়েছি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।"
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে।
সেলিম/
