সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা, নতুন দাম কার্যকর
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম বাড়ানোর এ তথ্য জানিয়েছে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এর আগে এই দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ফলে প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
উল্লেখ্য, স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য মজুরি ও অন্যান্য চার্জ যুক্ত হতে পারে।
রাকিব/
