টানা ৫ দিনের ছুটি পাবেন না যেসব সরকারি কর্মীরা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর নির্বাহী আদেশে এক দিনের ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এর ফলে মহানবমী, বিজয়া দশমী, নতুন অনুমোদিত ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পেতে পারেন। তবে জরুরি সেবায় নিয়োজিত সব কর্মী এ ছুটির সুবিধা পাবেন না।
মন্ত্রিসভা সূত্রে জানা গেছে, ২২ অক্টোবরের ছুটির বিষয়ে পরবর্তী সময়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
সব মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য।
সাধারণ ছুটি থাকলেও জনসেবা ও জরুরি কার্যক্রম সচল রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু কর্মীকে দায়িত্ব পালন করতে হতে পারে। এর মধ্যে রয়েছে:
* হাসপাতাল ও স্বাস্থ্যসেবা: চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী।
* আইনশৃঙ্খলা রক্ষা: পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য।
* অগ্নিনির্বাপণ: ফায়ার সার্ভিসের কর্মীরা।
* জরুরি ইউটিলিটি সেবা: বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।
* যোগাযোগ ও পরিবহন: বন্দর, বিমানবন্দর, রেলওয়ে ও গণপরিবহন খাতের প্রয়োজনীয় কর্মীরা।
* অন্যান্য জরুরি সেবা: কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।
এসব প্রতিষ্ঠানে জরুরি সেবা চালু রাখতে দায়িত্বভিত্তিক কর্মসূচি থাকতে পারে। তবে কোন প্রতিষ্ঠানের কোন কর্মীরা ছুটি পাবেন না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও দায়িত্ব বণ্টনের ওপর নির্ভর করবে।
২২ অক্টোবরের ছুটির বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হলে ছুটির চূড়ান্ত নির্দেশনা আরও স্পষ্ট হবে।
সোহাগ/
