এখনই নয় এমপিও শিক্ষকদের পে স্কেল, কবে পাবেন বেতন
নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কার্যক্রম এগিয়ে গেলেও এখনও অপেক্ষায় রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সরকারি চাকরিজীবীরা অক্টোবর মাসের বেতন নতুন বেতন কাঠামো অনুযায়ী পাওয়ার পাশাপাশি প্রায় তিন মাসের বকেয়া বেতনও পেতে যাচ্ছেন। তবে এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এখনো পৃথক প্রজ্ঞাপন জারি হয়নি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে আরও সময় লাগতে পারে। এ ক্ষেত্রে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
প্রজ্ঞাপন জারির দাবি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, দেশের প্রায় ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মৌলিক চাহিদা পূরণে নবম জাতীয় পে স্কেলের সঙ্গে দ্রুত তাদের জন্যও প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।
তিনি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানান।
বিলম্বের কারণ কী?
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেতন প্রক্রিয়ায় এখনো অনেক ক্ষেত্রে প্রচলিত বা ম্যানুয়াল পদ্ধতির ব্যবহার রয়েছে। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাবের ক্ষেত্রে হাতে-কলমে কাজ করতে হয়।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এ কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলের আওতায় আনতে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করতে সময় লাগছে।
মন্ত্রণালয়ে আলোচনা হলেও আনুষ্ঠানিক উদ্যোগ নেই
গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোর আওতায় বেতন দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করতে পৃথক গেজেট জারির বিষয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে মৌখিক আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত এই আলোচনা কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ নয়।
ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে রয়েছেন প্রায় চার লাখ। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন পৌনে দুই লাখের মতো এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় তুলনামূলক বেশি, তারা এমপিওর বাইরে থেকেও শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থ দিতে পারে। তবে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সেই আর্থিক সক্ষমতা নেই।
ফলে নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কবে থেকে কার্যকর হবে এবং বকেয়া কীভাবে পরিশোধ করা হবে, তা এখনো প্রজ্ঞাপন জারির ওপরই নির্ভর করছে।
সোহাগ/
