ফের ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম
নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ অক্টোবর) নতুন এই দাম ঘোষণা করা হয়।
নতুন নির্ধারিত দরে, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে। অর্থাৎ, এক লাফে দাম বেড়েছে ২৫২ টাকা।
এর আগে গত সেপ্টেম্বরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
তবে সরকারি নির্ধারিত দামের তুলনায় বেশি দামে বাজারে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। বিভিন্ন এলাকায় খুচরা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার প্রায় ২ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হতে দেখা গেছে।
এদিকে নতুন করে এলপিজির দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে এলপিজি নির্ভর পরিবহন ও বিভিন্ন ব্যবসা খাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সিদ্দিকা/
