দেশের বাজারে ১৮ ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন দরে ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সাম্প্রতিক সময়ে কয়েক দফায় সোনার দাম কমানো হয়েছে। ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৬৯১ টাকা এবং ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। সর্বশেষ ২ হাজার ২১৬ টাকা কমানোর ফলে তিন দফায় ২২ ক্যারেট সোনার ভরিতে মোট ৬ হাজার ৬৫ টাকা কমেছে।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাকিব/
