বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাজুস নির্ধারিত এই দাম বহাল থাকবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। এর আগে সোমবার (২৪ আগস্ট) একই মানের সোনার দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা।
এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারিত রয়েছে।
রাকিব/
