বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। এ সময় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হয়।
১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। এরপর শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের গণনা শুরু হবে।
সে হিসেবে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ পড়বে ২৬ আগস্ট বুধবার। ওই দিনই বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
সভায় যারা ছিলেন
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এবং স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগস্ট বুধবার দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালিত হবে।
সোহাগ/
