দেশের বাজারে আজকের সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পর এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
বাজুসের প্রকাশিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার মূল্য রাখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম রয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ৫ হাজার ৩৬৫ টাকায়, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবেই দেশে সোনা ও রুপার মূল্য সমন্বয় করা হচ্ছে।
রাকিব/
