চুরি হওয়া ফ্রিজ কিনে বিপাকে এসআই, অভিযোগের পর ফেরত
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চুরি হওয়া ফ্রিজ কেনার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গভীর রাতে চোরসহ মালামাল আটক করার পর আইনগত ব্যবস্থা না নিয়ে সেই ফ্রিজ নিজেই কিনে নেন সংশ্লিষ্ট কর্মকর্তা। পরে বিষয়টি জানাজানি হলে ফেরত দেওয়া হয় ফ্রিজটি।
অভিযোগের তীর উঠেছে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। যদিও ঘটনাটি প্রায় এক মাস আগের, সম্প্রতি ভুক্তভোগী পক্ষ অভিযোগ দেওয়ার পর বিষয়টি সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া পৌর এলাকার এক বাসিন্দার বাড়ি থেকে তার ছোট ভাই একটি ফ্রিজসহ কিছু মালামাল চুরি করে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে ভ্যানগাড়িতে করে চুরি করা মালামাল সরানোর সময় টহলরত পুলিশ সদস্যরা সেটি আটক করেন। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, জব্দ করা ফ্রিজ ও অন্যান্য জিনিসপত্র পরে সংশ্লিষ্ট এসআইয়ের ভাড়া বাসায় নেওয়া হয়। পরদিন অভিযুক্ত ব্যক্তি সেখানে গিয়ে চুরির বিষয়টি স্বীকার করলে একটি স্ট্যাম্পের মাধ্যমে নির্দিষ্ট টাকায় ফ্রিজটি কেনাবেচা হয় বলে অভিযোগ ওঠে।
পরে চুরির ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী পরিবার থানায় গিয়ে ফ্রিজ ফেরতের দাবি জানায়। পরিবারের সদস্যদের অভিযোগ, পরে সমঝোতার মাধ্যমে টাকা দিয়ে ফ্রিজটি ফেরত নিতে হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট এসআইয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে।
অন্যদিকে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। তবে নাটোরের পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সোহাগ/
