তারেক রহমানের শিক্ষাজীবন নিয়ে যা মন্তব্য করলেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: তারেক রহমানের শিক্ষাজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা ও বিতর্কের মধ্যে নতুন মন্তব্য করেছেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, তারেক রহমান সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং কিছুদিন নিয়মিত ক্লাসও করেছিলেন।
বুধবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ সেশনে আইন বিভাগে ভর্তি হন। তিনি প্রায় দুই মাস ক্লাস করেছিলেন বলেও উল্লেখ করেন।
পোস্টে তিনি লেখেন, “আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখন থেকেই বিষয়টি জানতাম।”
আসিফ নজরুল আরও জানান, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে দেশের পরিচিত কয়েকজন ব্যক্তিত্বও ছিলেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।
তিনি আরও দাবি করেন, সে সময় দেশে হুসেইন মুহম্মদ এরশাদের শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক বিতর্ক ছিল। নিরাপত্তাজনিত আশঙ্কার কারণেই তারেক রহমানের বিশ্ববিদ্যালয়জীবন দীর্ঘ হয়নি বলে ধারণা প্রকাশ করেন তিনি।
সিদ্দিকা/
