নেইমারকে নিয়ে ব্রাজিলের প্রাথমিক দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নেইমারকে ঘিরে বিশ্বকাপ পরিকল্পনা। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার আশা নেইমার আগামী বিশ্বকাপে খেলবেন।
মেসি বলেন, “আমি নিরপেক্ষ থাকতে পারি না। নেইমার আমার বন্ধু। আমি চাই সে বিশ্বকাপে থাকুক। সে একজন অসাধারণ মানুষ এবং তার এটা প্রাপ্য।”
মেসির এই প্রত্যাশার মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমারকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো।
তবে এখনই চূড়ান্ত দলে নিশ্চিত নন নেইমার। আনচেলত্তি সোমবার ৫৫ সদস্যের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করবেন, সেখান থেকেই ১৮ মে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা কিছু খেলোয়াড়ও প্রাথমিক দলে থাকতে পারেন, যার মধ্যে চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাওয়ের নামও আলোচনায় আছে।
নেইমারের প্রাথমিক দলে থাকা প্রায় নিশ্চিত হলেও চূড়ান্ত দলে জায়গা পেতে তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। কারণ দীর্ঘদিন ধরে কোচ আনচেলত্তি বলে আসছেন, ৩৪ বছর বয়সী এই তারকার বিশ্বকাপে জায়গা পেতে হলে পুরোপুরি ফিটনেস প্রমাণ করতে হবে।
এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার একজন অসাধারণ প্রতিভা। তিনি বিশ্বাস করেন, তিনি দলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারেন। তবে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিটনেস ও ম্যাচ ফর্ম ধরে রাখা।
আয়শা/
