ইন্টারনেট নিয়ে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ!
নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সাময়িক সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাবমেরিন ক্যাবল সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত টানা চারদিন দেশের ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। এই সময়ে গ্রাহকরা ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন।
বুধবার (৮ এপ্রিল) বিএসসিপিএলসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) কনসোর্টিয়াম একটি শান্ট ফল্ট মেরামতের কাজ শুরু করতে যাচ্ছে।
রক্ষণাবেক্ষণের সময়সূচি:
বিএসসিপিএলসির তথ্য অনুযায়ী, এই মেরামত কাজ আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে। প্রতিদিন গড়ে ৮ ঘণ্টা করে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এই সময়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে, যার ফলে ডাটা ট্রান্সফার বা ব্রাউজিংয়ের গতি সাধারণ সময়ের চেয়ে অনেক কমে যেতে পারে।
বিকল্প ব্যবস্থা:
দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে কাজ চললেও বিএসসিপিএলসির প্রথম সাবমেরিন ক্যাবল (এসএমডব্লিউ৪) যথারীতি সচল থাকবে। তবে একটি বড় ক্যাবল সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকায় গ্রাহকরা আংশিক সেবা বিঘ্নের শিকার হতে পারেন। সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সাথে সমন্বয় করে কাজটি দ্রুততম সময়ে শেষ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।
সোহাগ/
