দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা
বাংলাদেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড: ভরি ২ লাখ ১৭ হাজার টাকা ছাড়াল
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির অজুহাতে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১৫ ডিসেম্বর) রাত থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে। এর ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার টাকা অতিক্রম করে এক নতুন উচ্চতায় পৌঁছাল।
নতুন মূল্য তালিকা অনুযায়ী পরিবর্তন
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা, যা আগে ছিল ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।
অন্যান্য ক্যারেটের সোনার নতুন দাম
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ২১১ টাকা। ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা করা হয়েছে। উল্লেখ্য, এই নির্ধারিত মূল্যের সাথে ক্রেতাকে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে অলঙ্কার কিনতে হবে।
রুপার বাজার স্থিতিশীল
সোনার দাম আকাশচুম্বী হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৫৭২ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ৩৬২ টাকায় অপরিবর্তিত রয়েছে। এছাড়া ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৮০০ টাকাতেই বহাল রাখা হয়েছে।
রাকিব/
