সাকিবের পর এবার ঢাকায় এলেন আরএক টাইগার ক্রিকেটার
বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন সাকিব আল হাসানের পর ঢাকায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন দাস। জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে থাকতে তিনি ঢাকায় এসেছেন। তবে শ্রীলঙ্কা ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।
বুধবার (১ নভেম্বর) বিসিবির একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গর্ভবতী স্ত্রীর সঙ্গে থাকতে দুই দিনের ছুটি নিয়েছেন লিটন। বুধবার সকালে তিনি ঢাকায় আসেন। তবে আগামী শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন ডানহাতি এই ব্যাটসম্যান।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশে ছিলেন লিটন। এবার বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী সোমবারের ম্যাচের আগে দিল্লি যাবেন লিটন। সেখানে দলের সঙ্গে আনুষ্ঠানিক অনুশীলন করবেন তিনি।
