সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা: নতুন হার কার্যকর ২০২৮ সালে
নতুন বেতন কাঠামো কার্যকর হলেও সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতায় এখনই পরিবর্তন আসছে না। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা ২০২৬ সালের ৩০ জুন তারিখে যে পরিমাণ বাড়িভাড়া ভাতা পাওয়ার অধিকারী ছিলেন, সেই অঙ্কই পাবেন। নতুন গ্রেড ও কর্মস্থলভিত্তিক বাড়িভাড়া ভাতার হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর ১৫ নম্বর অনুচ্ছেদে এ বিধান রাখা হয়েছে। ফলে নতুন পে স্কেল কার্যকর হওয়ার পরও বাড়িভাড়া ভাতার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য থাকছে আলাদা অন্তর্বর্তী ব্যবস্থা।
২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত কীভাবে বাড়িভাড়া পাবেন?
২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর প্রকাশিত চাকরি (বেতন ও ভাতাদি) আদেশের ১৫ নম্বর অনুচ্ছেদের প্রথম উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুন তারিখে কর্মচারীরা যে পরিমাণ বাড়িভাড়া ভাতা আহরণ বা পাওয়ার অধিকারী ছিলেন, তা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। সবার জন্য ২০১৫ সালের বাড়িভাড়া ভাতার একই শতাংশ বহাল রাখা হয়নি। বরং প্রত্যেক কর্মচারী ২০২৬ সালের ৩০ জুন তারিখে যে অঙ্কের বাড়িভাড়া ভাতা পাওয়ার অধিকারী ছিলেন, সেই নির্দিষ্ট টাকার অঙ্কই অন্তর্বর্তী সময়ে বহাল থাকবে।
অর্থাৎ নতুন মূল বেতন নির্ধারিত হলেও ২০২৭ সালের শেষ দিন পর্যন্ত বাড়িভাড়া ভাতা স্বয়ংক্রিয়ভাবে নতুন বেতনের শতাংশ অনুযায়ী বাড়বে না।
২০২৮ সাল থেকে বাড়িভাড়া ভাতা কত হবে?
গেজেটের ১৫ নম্বর অনুচ্ছেদের ষষ্ঠ উপ-অনুচ্ছেদে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বাড়িভাড়া ভাতার হার নির্ধারণ করা হয়েছে। গ্রেড ও কর্মস্থলের অবস্থান অনুযায়ী এই হার চারটি ভাগে বিভক্ত।
নতুন হার অনুযায়ী:
| বেতন গ্রেড | ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন | অন্যান্য নির্ধারিত সিটি করপোরেশন ও পৌর এলাকা | অন্যান্য স্থান |
|---|---|---|---|
| গ্রেড ২০-১৬ | ৬০% | ৫০% | ৪৫% |
| গ্রেড ১৫-১০ | ৫০% | ৪০% | ৩৫% |
| গ্রেড ৯-৬ | ৪৫% | ৩৫% | ৩০% |
| গ্রেড ৫-১ | ৪০% | ৩০% | ২৫% |
এই হার সংশ্লিষ্ট কর্মচারীর মূল বেতনের ওপর হিসাব করা হবে। ফলে একই এলাকায় কর্মরত হলেও গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার পরিমাণ আলাদা হবে।
কারা বাড়িভাড়া ভাতা পাবেন না?
সরকারি বাসস্থানে বসবাসকারী কর্মচারীদের জন্য গেজেটে পৃথক বিধান রাখা হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী, সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়া ভাতা পাওয়া যাবে না। একইভাবে সরকারি বিধি অনুযায়ী ভাড়াবিহীন বাসস্থানের অধিকারী কর্মচারীরাও বাড়িভাড়া ভাতা পাবেন না।
স্বামী ও স্ত্রী দুজনই সরকারি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাকরিজীবী হলে এবং একই সরকারি বাসায় বসবাস করলে যাঁর নামে বাসা বরাদ্দ থাকবে, তাঁর বেতন থেকে নির্ধারিত নিয়মে বাড়িভাড়া কর্তন করা হবে। অপরজন প্রচলিত বিধান অনুযায়ী বাড়িভাড়া ভাতা পাবেন।
নতুন পে স্কেল কার্যকর হলেও বাড়িভাড়া বাড়ছে না কেন?
নতুন বেতন কাঠামোতে মূল বেতন ও বিভিন্ন ভাতার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। তবে সব ভাতা একই সময়ে নতুন নিয়মে কার্যকর করার ব্যবস্থা রাখা হয়নি।
বাড়িভাড়া ভাতার ক্ষেত্রেও পুরোনো প্রাপ্য অঙ্ক নির্দিষ্ট সময় পর্যন্ত বহাল রাখার বিধান করা হয়েছে। এতে নতুন মূল বেতন নির্ধারণের সঙ্গে সঙ্গে বাড়িভাড়া ভাতার হিসাব পরিবর্তন হচ্ছে না।
এ কারণে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের সময় মূল বেতন ও বাড়িভাড়া ভাতার কার্যকর সময় আলাদাভাবে বিবেচনা করতে হবে।
সরকারি চাকরিজীবীদের এখন কী জানা জরুরি?
বাড়িভাড়া ভাতা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন পে স্কেল কার্যকর হলেই নতুন বাড়িভাড়া হার কার্যকর হবে না।
-
২০২৬ সালের ৩০ জুন: এই তারিখে প্রাপ্য বাড়িভাড়া ভাতার অঙ্ক হবে অন্তর্বর্তী সময়ের ভিত্তি।
-
২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত: ওই নির্দিষ্ট অঙ্ক বহাল থাকবে।
-
২০২৮ সালের ১ জানুয়ারি থেকে: গ্রেড ও কর্মস্থলভিত্তিক নতুন হার কার্যকর হবে।
তাই বেতন স্লিপ, পে-ফিকেশন ও বাড়িভাড়া ভাতার হিসাব যাচাইয়ের সময় এই সময়সীমাগুলো মনে রাখা জরুরি।
সব মিলিয়ে, নতুন বেতন কাঠামোতে বাড়িভাড়া ভাতার নতুন হার নির্ধারণ করা হলেও সরকারি চাকরিজীবীদের তা পেতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত। এর আগে ২০২৬ সালের ৩০ জুন তারিখে প্রাপ্য বাড়িভাড়া ভাতার অঙ্কই বহাল থাকবে।
সোহাগ/
