ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, কোথায় কতদিন
নিজস্ব প্রতিবেদক: বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও সরকারি ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, কলেজে ১৮ দিন এবং মাদরাসায় সাপ্তাহিক ছুটিসহ ১৬ দিন পর্যন্ত বন্ধ থাকার সুযোগ তৈরি হচ্ছে।
২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের ধরনভেদে ছুটি শুরুর ও শেষ হওয়ার তারিখে পার্থক্য রয়েছে। কোথাও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই ছুটি শুরু হবে, আবার কোথাও ছুটি শুরু হবে মাসের শেষ দিকে।
প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিন ছুটি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তবে এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ ডিসেম্বর থেকেই টানা ছুটি শুরু হবে।
এ ছাড়া ২৫ ডিসেম্বর বড়দিনের সরকারি ছুটিও এই অবকাশের মধ্যে পড়েছে। সব মিলিয়ে ১৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ১২ দিন বন্ধ থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিনের ছুটি
সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও একই সময়ে শীতকালীন অবকাশ থাকবে। নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাবেন। এই সময়ের মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও রয়েছে।
কলেজে সবচেয়ে বেশি ১৮ দিনের ছুটি
ডিসেম্বরে সবচেয়ে দীর্ঘ ছুটি পাচ্ছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে।
এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে। আবার ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরের ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
ফলে ১৬ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২ জানুয়ারি পর্যন্ত টানা ১৮ দিন বন্ধ থাকবে কলেজগুলো।
মাদরাসায় শীতকালীন অবকাশ ও সাপ্তাহিক ছুটি
দেশের সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে ১১ ও ১২ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। অবকাশ শেষে ২৫ ও ২৬ ডিসেম্বরও সাপ্তাহিক ছুটি। ফলে ১১ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা ১৬ দিন মাদরাসা বন্ধ থাকার হিসাব পাওয়া যায়।
আরও দুই দিন ছুটি পাওয়ার সুযোগ
২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় নির্ধারিত অবকাশের বাইরে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত ছুটিও রাখা হয়েছে। প্রযোজ্য তালিকা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান এই সংরক্ষিত ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করলে শিক্ষক-শিক্ষার্থীরা আরও বেশি সময় ছুটি পেতে পারেন।
তবে এ অতিরিক্ত ছুটি সব শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে কার্যকর হবে না। প্রতিষ্ঠানপ্রধানের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট ছুটির তালিকা অনুযায়ী তা নির্ধারিত হবে।
সব মিলিয়ে ডিসেম্বরের শেষ ভাগে স্কুল-কলেজে দীর্ঘ অবকাশ থাকছে। এর মধ্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সবচেয়ে বেশি টানা ছুটি পাবেন।
সিদ্দিকা/
