আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে এসব নোট বাজারে আসতে পারে। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় নয়, আগের ডিজাইনেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে নির্ধারিত সময়ে নতুন নোট বাজারে আনা যায়নি।
কেন পিছিয়ে গেল নতুন নোট বাজারে ছাড়ার কার্যক্রম?
কেন্দ্রীয় ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, নতুন নোট বাজারে ছাড়ার জন্য পরিবহন ও নিরাপত্তাসহ বেশ কিছু প্রস্তুতি প্রয়োজন। চলতি সপ্তাহে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের পরিস্থিতিতে নিরাপদে নোট পরিবহন করা সম্ভব না হওয়ায় কার্যক্রম পিছিয়ে যায়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার কার্যক্রম শুরু হবে।
কোন কোন টাকার নোটে আসছে নতুন নকশা?
প্রাথমিক তথ্য অনুযায়ী, নতুন নকশায় বাজারে আসবে ২০ ও ৫০ টাকার নোট। অন্যদিকে, ১০০ টাকার নোট আগের নকশাতেই বাজারে ছাড়া হবে।
নতুন নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছানোর কথা রয়েছে। ফলে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় গ্রাহকেরা নতুন নোট সংগ্রহের সুযোগ পেতে পারেন।
নতুন নোট ছাপাতে এত সময় লাগছে কেন?
একটি নোট ছাপানোর পুরো প্রক্রিয়ায় প্রায় ছয় মাস সময় লাগে। এর মধ্যে নকশা, প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ, মুদ্রণ এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে মুদ্রণের কাজ শেষ করা সম্ভব হয়নি। এ কারণেও নতুন নোট বাজারে ছাড়তে দেরি হয়েছে।
সব প্রস্তুতি শেষ হলে আগামী সপ্তাহে নতুন ২০ ও ৫০ টাকার নোট বাজারে ছাড়ার কার্যক্রম শুরু হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ ও কোন ব্যাংকের মাধ্যমে নোট বিতরণ করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
সোহাগ/
