কৃষক কার্ডে বছরে ২,৫০০ টাকা পাবেন কারা, নিবন্ধন ও ১০ সুবিধা জানুন
নিজস্ব প্রতিবেদক: কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে সরকারের ‘কৃষক কার্ড’ কর্মসূচি। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি সার, বীজ, কৃষিঋণ, সেচ, কৃষিযন্ত্র, প্রশিক্ষণ ও কৃষিবিমাসহ মোট ১০ ধরনের সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কৃষি খাতে সরকারি সহায়তা আরও সহজ, স্বচ্ছ ও সরাসরি কৃষকের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের তথ্য সংগ্রহ ও কার্ড তৈরির কার্যক্রম শুরু হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষকের তথ্যভান্ডার তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে কৃষক কার্ড পেলেই সবাই বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন না। নির্দিষ্ট তিন শ্রেণির কৃষকের জন্য এই নগদ সহায়তা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। ফলে কারা এই টাকা পাবেন, কীভাবে কার্ডের জন্য নিবন্ধন করতে হবে এবং কী কী সুবিধা পাওয়া যাবে, তা জানা জরুরি।
বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন যেসব কৃষক
কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দেওয়ার ঘোষণা রয়েছে।
এই অর্থ কৃষকের নামে খোলা ব্যাংক হিসাবে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। তবে মাঝারি ও বড় কৃষকেরা কার্ডের আওতায় এলেও নির্ধারিত নগদ সহায়তা পাবেন না।
অর্থাৎ, কৃষক কার্ড পাওয়া এবং বছরে ২ হাজার ৫০০ টাকা পাওয়ার যোগ্যতা এক বিষয় নয়। নগদ অর্থের ক্ষেত্রে কৃষকের শ্রেণি ও নির্ধারিত যোগ্যতা বিবেচনা করা হবে।
জমির পরিমাণ অনুযায়ী কৃষকের পাঁচ শ্রেণি
কৃষক কার্ড বিতরণ ও সুবিধা নির্ধারণের ক্ষেত্রে জমির পরিমাণ বিবেচনায় কৃষকদের পাঁচটি শ্রেণিতে ভাগ করার পরিকল্পনা রয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী শ্রেণিগুলো হলো:
১. ভূমিহীন কৃষক: ৫ শতাংশের কম জমি রয়েছে এমন কৃষক।
২. প্রান্তিক কৃষক: ৫ থেকে ৪৯ শতাংশ জমির মালিক বা চাষি।
৩. ক্ষুদ্র কৃষক: ৫০ থেকে ২৪৯ শতাংশ জমি রয়েছে এমন কৃষক।
৪. মাঝারি কৃষক: তুলনামূলক বেশি জমিতে কৃষিকাজ করেন এমন কৃষক।
৫. বড় কৃষক: বৃহৎ পরিমাণ জমিতে কৃষিকাজ পরিচালনা করেন এমন কৃষক।
এখানে শুধু জমির মালিকদের নয়, বর্গাচাষিদের তথ্যও সংগ্রহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মৎস্যচাষি, মৎস্য আহরণকারী, প্রাণিসম্পদ ও দুগ্ধখামারি এবং প্রযোজ্য ক্ষেত্রে লবণচাষিদেরও কর্মসূচির আওতায় আনার উদ্যোগ রয়েছে।
কৃষক কার্ডে পাওয়া যাবে ১০ ধরনের সুবিধা
কৃষক কার্ডকে শুধু নগদ অর্থ সহায়তার মাধ্যম হিসেবে নয়, বরং কৃষকদের জন্য বিভিন্ন সরকারি সেবা পাওয়ার একটি সমন্বিত পরিচয়পত্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, কার্ডের মাধ্যমে যেসব সুবিধা পাওয়া যেতে পারে সেগুলো হলো:
১. সার ও বীজে সুবিধা: প্রয়োজনীয় সার, বীজসহ কৃষি উপকরণ ন্যায্যমূল্যে পাওয়ার সুযোগ।
২. সেচ সুবিধা: কৃষিকাজে সেচের জন্য সহায়তা ও ন্যায্যমূল্যে সেবা পাওয়ার ব্যবস্থা।
৩. সহজ শর্তে কৃষিঋণ: কৃষি উৎপাদনের প্রয়োজন মেটাতে সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ।
৪. কৃষিযন্ত্র ব্যবহারের সুবিধা: স্বল্পমূল্যে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ।
৫. সরকারি ভর্তুকি ও প্রণোদনা: কৃষি খাতের বিভিন্ন সরকারি ভর্তুকি ও প্রণোদনা পাওয়ার সুবিধা।
৬. আবহাওয়া ও বাজারদরের তথ্য: মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষিপণ্যের বাজারদর জানার সুযোগ।
৭. কৃষি প্রশিক্ষণ: আধুনিক চাষাবাদ, উন্নত বীজ ব্যবহার ও উৎপাদন বাড়ানোর কৌশল শেখার সুযোগ।
৮. ফসলের রোগবালাইয়ের পরামর্শ: পোকামাকড় ও রোগের আক্রমণ মোকাবিলায় কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ।
৯. কৃষিবিমা: প্রাকৃতিক দুর্যোগ ও উৎপাদন ঝুঁকি মোকাবিলায় কৃষিবিমার সুবিধা।
১০. কৃষিপণ্য বিক্রির সুযোগ: উৎপাদিত ফসল ন্যায্যমূল্যে বিক্রির জন্য বাজারসংযোগ ও প্রয়োজনীয় সহায়তা।
তবে এসব সুবিধা বাস্তবায়ন ও প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সেবার নিয়ম এবং যোগ্যতা প্রযোজ্য হবে।
কীভাবে কৃষক কার্ডের জন্য নিবন্ধন করবেন?
বর্তমানে কৃষক কার্ডের নিবন্ধন কার্যক্রম মূলত মাঠপর্যায়ে পরিচালিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কৃষি ব্লক অনুযায়ী কৃষকদের তথ্য সংগ্রহ করছেন।
এ জন্য বাড়ি বাড়ি গিয়ে অথবা নির্ধারিত স্থানে ডিজিটাল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য নেওয়া হচ্ছে। পরে এসব তথ্য যাচাই-বাছাই করে যোগ্য কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব কৃষকের জন্য সরাসরি আবেদন করার কোনো উন্মুক্ত অনলাইন নিবন্ধন পদ্ধতির তথ্য এখনো পাওয়া যায়নি। তাই অনলাইনে আবেদন করার নামে কোনো অপরিচিত ব্যক্তি বা ওয়েবসাইটকে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকা উচিত।
নিজের এলাকায় নিবন্ধন শুরু হয়েছে কি না, তা জানতে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন।
কৃষক কার্ড করতে কী কী কাগজপত্র লাগতে পারে?
নিবন্ধনের সময় কৃষকের পরিচয়, জমি ও কৃষিকাজের তথ্য যাচাই করা হবে। তাই আগে থেকেই কয়েকটি প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখা ভালো।
-
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য।
-
নিজের নামে সচল মোবাইল নম্বর।
-
জমির মালিকানা-সংক্রান্ত তথ্য।
-
বর্গাচাষি হলে চাষ করা জমির বিবরণ।
-
কী ধরনের ফসল চাষ করেন, তার তথ্য।
-
প্রয়োজন অনুযায়ী ব্যাংক হিসাবের তথ্য।
এগুলো নিবন্ধনের জন্য প্রস্তুত রাখার পরামর্শ। চূড়ান্তভাবে কোন কোন কাগজপত্র বাধ্যতামূলক হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার ওপর নির্ভর করবে।
কৃষক কার্ড কি ডেবিট কার্ডের মতো ব্যবহার করা যাবে?
কৃষক কার্ডকে ব্যাংক ডেবিট কার্ডের আদলে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। কৃষকের নামে ব্যাংক হিসাব খুলে নগদ সহায়তা পাঠানোর পাশাপাশি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ কেনার ব্যবস্থাও গড়ে তোলার কথা বলা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত ডিলারের দোকানে থাকা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনে কার্ড ব্যবহার করে সার, বীজ, মাছের খাদ্য ও প্রাণিখাদ্যসহ প্রয়োজনীয় উপকরণ কেনার সুযোগ তৈরি করা হবে।
এর ফলে কৃষি উপকরণে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত কৃষকের কাছে সুবিধা পৌঁছানো সহজ হবে বলে আশা করা হচ্ছে।
কৃষক কার্ড করতে কি টাকা লাগবে?
কৃষক কার্ড নিবন্ধনের জন্য নির্দিষ্ট কোনো সরকারি ফি থাকার তথ্য দেওয়া হয়নি। তাই কার্ড তৈরি বা নিবন্ধনের নামে কেউ টাকা দাবি করলে সতর্ক থাকুন।
কোনো ব্যক্তি টাকা দাবি করলে অথবা প্রকৃত কৃষক হয়েও তালিকায় নাম না থাকলে স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি জানাতে পারেন।
চার বছরে প্রায় ২ কোটি ২৭ লাখ কৃষককে কার্ড দেওয়ার পরিকল্পনা
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি ২৭ লাখ প্রকৃত কৃষককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে।
২০২৬ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে টাঙ্গাইলে কর্মসূচিটির প্রাক-পাইলট কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে আট বিভাগের ১০ জেলার ১১টি উপজেলার একটি করে কৃষি ব্লক নির্বাচন করা হয়েছিল। এ পর্যায়ে ২২ হাজার ৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়।
পরবর্তী সময়ে ২০২৬ সালের ১ অক্টোবর ফেনীর ফুলগাজী থেকে পাইলট পর্যায়ের কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে ৫৬ জেলার ৭৭টি উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাইলট পর্যায়ে প্রায় ১ লাখ ১০ হাজার ১৬৫টি কৃষক কার্ড প্রস্তুতের তথ্য জানানো হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে।
কৃষকদের জন্য কেন গুরুত্বপূর্ণ কৃষক কার্ড?
কৃষি উৎপাদনের খরচ বৃদ্ধি, সার-বীজের দাম, সেচ ব্যয় এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া দেশের কৃষকদের দীর্ঘদিনের সমস্যা। এসব পরিস্থিতিতে কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল তথ্যভান্ডার তৈরি করা গেলে সরকারি সহায়তা বিতরণ আরও সহজ হতে পারে।
এ ছাড়া বন্যা, খরা, ঘূর্ণিঝড় কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত শনাক্ত করে সহায়তা দেওয়ার ক্ষেত্রেও এই তথ্যভান্ডার কাজে আসতে পারে।
সব মিলিয়ে কৃষক কার্ড কর্মসূচি কৃষি খাতে সরকারি সেবা পৌঁছে দেওয়ার নতুন একটি উদ্যোগ। তবে এর প্রকৃত সুফল নির্ভর করবে নিবন্ধন কতটা স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং ঘোষিত ১০ ধরনের সুবিধা কত দ্রুত ও কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছানো যায়, তার ওপর।
সোহাগ/
